কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত
শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা মৌজায় পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রতিবন্ধীসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—আলমগীর হোসেন, তার স্ত্রী সালমা খাতুন এবং তার পিতা প্রতিবন্ধী আবুল কালাম। স্থানীয় গ্রামবাসীরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের পৈতৃক সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিবাদীরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।এ সময় বাধা দিতে গেলে আলমগীর হোসেনসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।অভিযুক্তদের মধ্যে রয়েছেন- মৃত: আলাউদ্দীনের পুত্র আহম্মাদ আলী,মোঃ শফিকুল ইসলামের পুত্র আলামিন, মোঃ শফিকুল ইসলামের পুত্রবধূ মোছাঃ আরিফা খাতুন, মোঃ আমির আলী গাজীর পুত্র মোঃ শফিকুল ইসলাম, মোঃ আমির আলীর পুত্র শাহিনুর রহমান, আকবরের পুত্র রবিউল ইসলাম এবং মোঃ শফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ সুরাইয়া খাতুন। তারা সবাই কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর অভিযোগে আরও বলা হয়, এ জমি নিয়ে পূর্ব থেকেই আদালতে বিরোধ চলমান ছিল এবং আদালতের নির্দেশে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযুক্তরা আদালতের নির্দেশ অমান্য করে পুনরায় জমি দখলের চেষ্টা চালায় এবং হামলার ঘটনা ঘটায়।এ সময় ভুক্তভোগীর স্ত্রী ও কন্যাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে এখনও উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তরা দাবি করছেন, জমিটি তাদের নিজস্ব এবং তারা নিজেদের জমি দখলে নিচ্ছেন। অন্যদিকে কালিগঞ্জ থানার একটি সূত্র জানায়, এ বিষয়ে পূর্বে একটি অভিযোগ দায়ের হলেও তা এখনো মীমাংসা হয়নি।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যে কোনো সময় পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।