মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার
থানার গ্রিল ভেঙে পালিয়েও রক্ষা হয়নি, কেরানীগঞ্জ থেকে ধরা পড়লেন
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর মডেল থানা থেকে পালিয়ে যাওয়া এক নারী আসামিকে ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
গ্রেপ্তার হওয়া নারী আসামি হাসিনা বেগম (৩৫)। তিনি মাদারীপুর পৌরসভার থানতলী এলাকার হবি হাওলাদারের মেয়ে এবং সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল-আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদুর রহমান হাসিনা বেগমকে আটক করেন। পরে তাকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
থানার মূল ভবন নির্মাণাধীন থাকায় বর্তমানে ওসির সরকারি বাসভবনের নিচতলায় অস্থায়ীভাবে থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে হাজতখানা না থাকায় হাসিনাকে বারান্দার একটি কক্ষে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল। তবে গভীর রাতে সুযোগ বুঝে তিনি কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি অফিসার রমজান আলী সজল ও এক কনস্টেবলকে শুক্রবার পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।
ওসি আবুল কালাম আজাদ জানান, আসামি পালানোর ঘটনার পর পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকার একটি বাসা থেকে তাকে পুনরায় আটক করে মাদারীপুর সদর থানা পুলিশ। পরে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।