কালিগঞ্জে লাইফ কেয়ার নলতা ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশনের উদ্যোগে দোয়া-ইফতার মাহফিল
শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে লাইফ কেয়ার নলতা ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশনের উদ্যোগে পল্লী চিকিৎসক, সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের অংশগ্রহণে এক আলোচনা সভা ও দোয়া–ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৫টায় উপজেলার নলতা এলাকায় অবস্থিত লাইফ কেয়ার নলতা ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবায় পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সঠিক প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা গেলে সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে। পাশাপাশি আধুনিক ডায়াগনস্টিক সুবিধা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা আরও সহজ ও নির্ভুল করা সম্ভব।বক্তারা আরও বলেন, লাইফ কেয়ার নলতা ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশন এলাকায় আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এখানে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন রোগের পরীক্ষা- নিরীক্ষা, সঠিক রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় অপারেশনসহ চিকিৎসা সেবার সুব্যবস্থা রয়েছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক। মানবিকতা, সততা ও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য বলেও বক্তারা উল্লেখ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আবুল কালাম বিন আকবার, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শিমুল হোসেন প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পল্লী চিকিৎসকবৃন্দ, লাইফ কেয়ার নলতা ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশনের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়