চার মাস তিন দিন পর কারামুক্ত আশাশুনির তিন আওয়ামী লীগ নেতা
স্টাফ রিপোর্টার:
দীর্ঘ চার মাস তিন দিন কারাভোগের পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা। গত ১২ মার্চ আইনি প্রক্রিয়া শেষে তারা কারাগার থেকে মুক্তি পান।
কারামুক্ত নেতারা হলেন— আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভজিৎ মন্ডল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী শামসুল আলম এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।
জানা গেছে, গত বছরের শেষ দিকে পৃথক মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। দীর্ঘ চার মাস তিন দিন কারাভোগের পর আদালত থেকে জামিন লাভ করলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের কারামুক্তি দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন নেতার মুক্তির খবর ছড়িয়ে পড়লে তাদের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়।
এদিকে কারামুক্ত নেতাদের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন পর তাদের স্বজনরা মুক্ত হয়ে বাড়ি ফিরছেন—এতে পরিবারে স্বস্তি ফিরে এসেছে। তারা ন্যায়বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও তাদের মুক্তিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তারা দলীয় কর্মকাণ্ড ও এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবেন।