বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে
জনগনের আস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – এমপি মনজুরুল ইসলাম মঞ্জু
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু বলেছেন, বীরগঞ্জের মানুষের মৌলিক চাহিদার অংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকটি। জনগনের আস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে জনসাধারণের আস্থা ও সুবিধা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এ ক্ষেত্রে কোনও ধরনের অবহেলা বা প্রহসনের সুযোগ দেওয়া যাবে না। এক্সরে এবং ডেন্টালইউনিটসহ যেসব কক্ষ ও সরঞ্জাম দীর্ঘদিন ধরে অকেজো রয়েছে, সেগুলো দ্রুত সচল করতে হবে। বহির্বিভাগ ও অন্তঃবিভাগে সঠিক রোগ নির্ণয়, মানসম্মত চিকিৎসা ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। রোগীদের জন্য মানসম্মত খাবার সরবরাহও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমি নিয়মিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করব। নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করাই আমার লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন কাজের মাধ্যমেই দিতে চাই।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনার সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম সহ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি বহির্বিভাগ ও অন্তঃবিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসা ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ওষুধ সরবরাহ পরিস্থিতি, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
দিনাজপুর প্রতিনিধি।