বরগুনা-২ আসনে উন্নয়নের প্রতিশ্রুতি:
এমন উন্নয়ন করব, শেষে মানুষ আমাকে খুঁজবে — চিফ হুইপ নুরুল ইসলাম মনি
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনা-২ আসনের উন্নয়নে ব্যাপক পরিকল্পনার কথা জানিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেছেন, আমি বরগুনা-২ আসনে এমন উন্নয়ন করব, যার শেষে মানুষ আমাকে খুঁজবে।
শনিবার (ঈদের দিন) সকালে পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকাল সাড়ে আটটার আগেই তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মসজিদে উপস্থিত হন। এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।
এদিন সকালে বৃষ্টির কারণে খোলা মাঠে নামাজ আদায় সম্ভব না হওয়ায় মুসল্লিরা মসজিদের ভেতরেই ঈদের নামাজ আদায় করেন। নামাজ শুরুর আগে মসজিদের ইমাম তাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানান।
বক্তব্যে নুরুল ইসলাম মনি বলেন, তিনি বরগুনা জেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত উল্লেখ করে বলেন, বরগুনা জেলা থেকে এই প্রথম একজন চিফ হুইপ হয়েছে—এটি শুধু আমার নয়, আপনাদের সবার গর্ব।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসায় বারবার তিনি এই আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন। পাশাপাশি পাথরঘাটায় নিহত বিএনপি নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
নামাজ শেষে তিনি সাধারণ মুসল্লি ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে নিজ বাসভবনে ফিরে যান।