কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়ক নির্মাণকাজের উদ্বোধন
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর এলাকায় আতিয়ার সরদারের বাড়ি হতে বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৮০০ মিটার কার্পেটিং সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ এ সড়কের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এসময় তিনি বলেন,“গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব নয়। দীর্ঘদিন ধরে এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। কার্পেটিং কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত সহজ হবে এবং শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। জনগণের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস, ইউপি সদস্য জাহিদ আলম, প্রাক্তন ইউপি সদস্য আবু হানিফ, ইউপি সদস্যা পূর্ণিমা রানী মন্ডল, ঠিকাদার আসাদুর রহমান আসাদ, ০৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান মুজি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ০৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসী আশাবাদী হয়ে উঠেছেন।তারা আরও বলেন, সড়কটির কার্পেটিং কাজ সম্পন্ন হলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি এলাকার শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।